ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

কারা পরিবহন ধর্মঘট ডেকেছে আমি জানি না: শাহজাহান খান

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাড়ি বন্ধ রাখার ঘটনা পরিবহন ধর্মঘট নয়। কারা এ পরিবহন ধর্মঘট ডেকেছে আমি জানি না। মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন এ ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। সুতরাং এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শঙ্কায় গাড়ি বন্ধ রাখছে এটি আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয় বলে জানিয়েছে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শাহজাহান খান।


শনিবার (৬ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।


এর আগে চুয়াডাঙ্গা জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমপ্লেক্সে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান।


এ সময় তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি দাওয়ার ব্যাপারে আশ্বস্ত করে বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া মাসিক ভাতা, চিকিৎসা ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে সরকারের পরিকল্পনা রয়েছে।


জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সাধারণ সম্পাদক উসমান আলী, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য পরিবার বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব হোসেন মেহেদী, সাবেক কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।

ads
ads
ads

Our Facebook Page

↑